বিশ্বকাপে ইরান দলের ওপর ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করল যুক্তরাষ্ট্র

ফন্ট সাইজ:

২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া ইরানের জাতীয় ফুটবল দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ কিছুটা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে সিয়াটলে অনুষ্ঠিতব্য শেষ গ্রুপ ম্যাচের আগে আগের নিয়মের তুলনায় একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন ইরানি ফুটবলাররা।
মঙ্গলবার ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে ইরানের কোচ আমির ঘালেনোই এবং দলের অধিনায়কসহ প্রতিনিধিদলের সদস্যরা প্রকাশ্যে ও ব্যক্তিগতভাবে অভিযোগ করেছিলেন, ম্যাচের প্রস্তুতির জন্য তাদের যুক্তরাষ্ট্রে পর্যাপ্ত সময় থাকতে দেয়া হচ্ছে না।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ড্র করা ইরান এখন নকআউট পর্বে ওঠার লড়াইয়ে রয়েছে। শুক্রবার সিয়াটলে মিশরের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে জয় বা ড্র করলেই প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিতে পারবে দলটি।
বর্তমান নিয়ম অনুযায়ী, ইরানের খেলোয়াড়রা মেক্সিকোর তিজুয়ানায় অবস্থান করছে। প্রথম দুই ম্যাচের আগে তাদের কেবল খেলার একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেয়া হয়েছিল। দুটি ম্যাচই লস অ্যাঞ্জেলেসের কাছে অনুষ্ঠিত হয়। কোচ ঘালেনোইয়ের অভিযোগ, এ বিধিনিষেধের কারণে দলের প্রস্তুতি ব্যাহত হয়েছে এবং তারা অন্য দলগুলোর তুলনায় অসুবিধার মধ্যে পড়েছে।
সিয়াটলের দূরত্ব তিজুয়ানা থেকে লস অ্যাঞ্জেলেসের তুলনায় বেশি হওয়ায় শেষ ম্যাচের আগে একদিন অতিরিক্ত সময় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নতুন সুবিধা পেলেও ম্যাচ শেষ হওয়ার পরপরই ইরানকে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। টুর্নামেন্ট শুরুর আগে ওয়াশিংটনের সঙ্গে হওয়া সমঝোতার অংশ হিসেবে এ শর্ত বহাল রয়েছে।
দলের চিকিৎসক দলের এক সদস্যের মতে, ম্যাচের পর দ্রুত দেশত্যাগের বাধ্যবাধকতা খেলোয়াড়দের পুনরুদ্ধার (রিকভারি) প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান কূটনৈতিক আলোচনার মধ্যেই এ সিদ্ধান্ত এলো। তবে হোয়াইট হাউসের ২০২৬ বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, অতিরিক্ত একদিনের অনুমতি দেয়ার পরিকল্পনা আগেই ছিল।
তিনি বলেন, প্রথম দুটি যাত্রা কীভাবে সম্পন্ন হয় তা আমরা পর্যবেক্ষণ করছিলাম। সবকিছু স্বাভাবিকভাবে হওয়ায় দীর্ঘ ভ্রমণ দূরত্ব বিবেচনায় অতিরিক্ত একদিন সময় দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগও পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকলে কোনো পরিবর্তন আনা হয়নি এবং খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের জন্য নিরাপদ টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি বহাল রয়েছে।
রোববার বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগে কোচ আমির ঘালেনোই ক্ষোভ প্রকাশ করে বলেন, ভ্রমণ সীমাবদ্ধতার কারণে দল নির্ধারিত অনুশীলনসূচি সম্পন্ন করতে পারেনি। এতে গুরুত্বপূর্ণ ম্যাচের প্রস্তুতি বাধাগ্রস্ত হয়েছে।
তিনি আরও জানান, ফিফা একপর্যায়ে আগেভাগে যাত্রার সম্ভাবনার কথা জানিয়েছিল। ফিফা আমাকে ফোন করে জিজ্ঞেস করেছিল, সন্ধ্যা ৬টার ফ্লাইটের ব্যবস্থা হলে আমরা প্রস্তুত কি না। আমি সম্মতি দিয়েছিলাম। কিন্তু আমরা অপেক্ষা করতেই থাকলাম। পরে জানানো হলো, সেটি সম্ভব হয়নি। এসব বিষয় মানসিকভাবে আমাদের প্রভাবিত করেছে, বিশেষ করে প্রধান কোচ হিসেবে আমাকে।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও এ ইস্যুতে মধ্যস্থতাকারীর ভূমিকায় রয়েছে। একদিকে ইরানের চাহিদা, অন্যদিকে যুক্তরাষ্ট্র সরকারের নিরাপত্তা ও ভিসা-সংক্রান্ত বিধিনিষেধের মধ্যে ভারসাম্য রক্ষার চেষ্টা করছে সংস্থাটি।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন