গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ যুবদল নেতা গ্রেপ্তার

ফন্ট সাইজ:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাপমারা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম বাবুকে (৪০) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাত সাড়ে ১১টার দিকে গোবিন্দগঞ্জ তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আনোয়ারুল উপজেলার তরফ কামাল গ্রামের আজিবর রহমান ও রাবেয়া বেগমের ছেলে।
গ্রেপ্তারের পরে বাবুকে জিজ্ঞেসাবাদ করা হলে তার কথামতো স্থানীয়দের উপস্থিতিতে শয়নকক্ষ তল্লাশি করে শোকেসের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ট্যাপেন্টাডলের ২৮৫ পাতা পাওয়া যায়। প্রতি পাতায় ১০টি করে মোট ২ হাজার ৮৫০ পিস ট্যাবলেট ছিল। যার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা।

মাদক অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেয়া হয়েছে। ‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন