ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি ও মিডিয়ার সুপরিচিত ব্যক্তিত্ব আহমেদ উস সামাদ চৌধুরী জেপির জীবন ও কর্মভিত্তিক গ্রন্থ ‘এ ম্যান অব অ্যাকশন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমির হলরুমে মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
চ্যানেল এস-এর হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান ও মিডিয়া ব্যক্তিত্ব মিসবাহ জামালের যৌথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। ব্রিস্টল জামে মসজিদের ইমাম আজিজুর রহমান খানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে বইয়ের লেখক ও আহমেদ উস সামাদ চৌধুরীর পুত্র তাহমিদ চৌধুরী গ্রন্থটির বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বইটি লিখতে গিয়ে তিনি তার বাবার জীবনের অনেক অজানা ও অনুপ্রেরণাদায়ক অধ্যায় সম্পর্কে জানতে পেরেছেন। গ্রন্থটিতে শৈশব থেকে শুরু করে দেশ ও প্রবাস জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, সংগ্রাম, সাফল্য এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড স্থান পেয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বইটির সম্পাদক তৌহিদ শাকিল, গবেষক ও লেখক ফারুক আহমদ এবং সাংবাদিক নজরুল ইসলাম বাসন। বইটির বিস্তারিত পর্যালোচনা উপস্থাপন করেন ড. জাকি রিজওয়ানা আনোয়ার। তিনি বলেন, আহমেদ উস সামাদ চৌধুরী শুধু একজন সফল ব্যবসায়ী নন, বরং গণমাধ্যম, কমিউনিটি উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে নিবেদিত একজন ব্যক্তিত্ব।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে আহমেদ উস সামাদ চৌধুরী অর্থনীতি, কমিউনিটি উন্নয়ন ও গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। অন্যদিকে কিথ বেস্ট তাঁর সঙ্গে বাংলাদেশ সফরের স্মৃতি তুলে ধরে বলেন, ‘এ ম্যান অব অ্যাকশন’ বইটি বাংলাদেশ ও যুক্তরাজ্যের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের এক মূল্যবান দলিল।
সভাপতির বক্তব্যে ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন বলেন, ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উন্নয়ন ও অগ্রযাত্রায় আহমেদ উস সামাদ চৌধুরীর অবদান অনস্বীকার্য এবং তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
বক্তব্যে আহমেদ উস সামাদ চৌধুরী বলেন, আমি সবসময় কমিউনিটি, দেশ ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে চাই। ব্রিস্টল বাংলাদেশ সেন্টার, শাহজালাল মসজিদসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার স্মৃতিচারণ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যারোনেস পলা মনজিলা উদ্দিন এবং প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্রিটিশ এমপি কিথ বেস্ট, প্রফেসর শাহাগীর বগত ফারুক, জামিল চৌধুরী এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি ব্যারিস্টার তারেক চৌধুরী।
