অনৈতিক চর্চা পরিহার করে সামগ্রিক স্বার্থকে প্রাধান্য দিতে হবে এবং নির্মাণ কাজে অপচয় রোধে সচেষ্ট থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। ৪৪ তম বিসিএস (সড়ক ও জনপথ) ক্যাডারে নতুন যোগদানকৃত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এই নির্দেশনা দেন। বিসিএসের(সড়ক ও জনপথ) ৩২ জন কর্মকর্তার সাত দিনব্যাপী ইনডাকশন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। আজ সোমবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী এসব নির্দেশনা দেন।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার অবকাঠামোগত উন্নয়ন ও অপচয় রোধে প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে নবীন কর্মকর্তাদের আন্তরিকতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ও সরকারের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে হবে। শেখ রবিউল আলম বলেন, রাষ্ট্র আপনাদের প্রকৌশলী হিসেবে গড়ে তুলেছে রাষ্ট্রের প্রয়োজনে-এই উপলব্ধি সবসময় ধারণ করতে হবে। নিজেদের রাষ্ট্রের স্বার্থে সর্বদা নিবেদিত রাখা সহজ নয়; নানা প্রতিবন্ধকতা থাকে। তবে তরুণ কর্মকর্তাদের উপলব্ধি থাকা দরকার যে, তারা চাইলে অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ ও মোঃ রাজিব আহসান। সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
