গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা আছে। সোমবার দুদকের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।
দুদকের পক্ষে সংস্থার উপপরিচালক আলমগীর হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুর রহমান (কিরণ) ও তার পরিবারের সদস্যদের নামে ব্যাংক হিসাবসমূহে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। এই পরিমাণ অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়, অভিযোগ সংশ্লিষ্টরা ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ এসব হিসাবসমূহে জমা রেখেছেন।
আবদনে দুদক আরও উল্লেখ করেন, এসব টাকা তুলে যে কোনো সময় বিদেশে পাচার করার শঙ্কা রয়েছে। এ অবস্থায় এসব ব্যাংক হিসাব অবরুদ্ব করার আবেদন করে দুদক।
