ইরানের বিপক্ষে আগামী শনিবার বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ওয়াশিংটনের সিয়াটলে অবস্থানের পরিকল্পনা করেছিল মিশর জাতীয় ফুটবল দল। তবে স্থানীয় নিরাপত্তা কর্তৃপক্ষ সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তাই বাধ্য হয়ে দলটিকে আবারও স্পোকেনে ফিরে যেতে হচ্ছে। দলের পরিচালক ইব্রাহিম হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, নিরাপত্তা কর্তৃপক্ষ টিমের সিয়াটলে থাকার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের পর আমাদের সেখানেই থাকার পরিকল্পনা ছিল। ফলে মিশরীয় প্রতিনিধিদলকে স্পোকেনে ফিরে যেতে হবে।
তবে স্থানীয় কর্তৃপক্ষ কেন এই অনুরোধ নাকচ করেছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
মিশর টিমের কোচ হোসাম হাসানের যমজ ভাই ইব্রাহিম হাসান জানান, খেলোয়াড়দের অতিরিক্ত ভ্রমণজনিত ক্লান্তি এড়ানোর জন্য দলটি কানাডার ভ্যাঙ্কুভার থেকে সরাসরি সিয়াটলে যেতে চেয়েছিল। ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে মিশর। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের কারণে দলটিকে সিয়াটল থেকে প্রায় ৪৫০ কিলোমিটার পূর্বে অবস্থিত স্পোকেনে ফিরে যেতে হচ্ছে।
মিশর আগামী ২৭ জুন ইরানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে।
অন্যদিকে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির ছায়ায় বিশ্বকাপে অংশ নেয়া ইরানও নানা ভ্রমণ জটিলতার মুখোমুখি হয়েছে। দলটি তাদের প্রথম দুই ম্যাচ ড্র করেছে এবং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আশা এখনও বাঁচিয়ে রেখেছে।
ইরানের প্রধান কোচ আমির গালেনোয়ি জানান, তৃতীয় গ্রুপ ম্যাচের আগে তাদের দলের ওপর আরোপিত মার্কিন ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হবে বলে তাকে জানানো হয়েছে।
বিশ্বকাপে ইরান দল মেক্সিকোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, যদিও তাদের সব ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে দলটিকে বারবার সীমান্ত অতিক্রম করতে হচ্ছে।
মার্কিন কর্তৃপক্ষ এতদিন প্রতিটি ম্যাচের পর মাত্র কয়েক ঘণ্টার জন্য দলটিকে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দিয়েছে এবং এসব বিধিনিষেধ প্রায়ই শেষ মুহূর্তে পরিবর্তন করা হয়েছে।
