শেষ ম্যাচে রিয়াল মাদ্রিদের হারে বার্সেলোনার পথটা পরিষ্কারই ছিল। নিজেদের ম্যাচে রোববার লেভান্তের বিপক্ষে ৩-০ গোলের জয়ে ফের চূড়ায় জায়গা করলো কাতালানরা। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচের মধ্যে এটি বার্সার প্রথম জয়।
ক্যাম্প ন্যুতে চতুর্থ মিনিটেই মার্ক বের্নালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরিক গার্সিয়ার ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন এ তরুণ মিডফিল্ডার। দারুণ কিছু আক্রমণের পর ৩২তম মিনিটে ব্যবধান বাড়ে ফ্রেংকি ডি ইয়ংয়ের গোলে। চলতি মৌসুমে ক্লাবের হয়ে ডাচ তারকার প্রথম গোল এটি। দুই গোলের লিডে বিরতিতে যায় বার্সা।
মাঠে ফিরে ৬৬তম মিনিটে বদলি হিসেবে পেদ্রির সঙ্গে মাঠে আসেন ফেরমিন লোপেস ও ফেররান তরেস। ৮১তম মিনিটে দলের শেষ গোলটি করেন লোপেস। কর্নার থেকে তাকে অ্যাসিস্ট করেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল।
এ ২৫ ম্যাচে ২০ জয়, ১ ড্র ও ৪ হারে ৬১ পয়েন্ট নিয়ে ফের শীর্ষস্থান দখল করলো বার্সা। সমান ম্যাচে এক পয়েন্ট কমে চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
