রাজধানীর ফকিরাপুল এলাকায় আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দু’টি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ এক পথচারী মোটরসাইকেলের সামনে চলে আসে। তাকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলটি। এ সময় দুর্ঘটনায় প্রাণ হারান আরাফাত রহমান শাওন (২০) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রোববার দিবাগত রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত শাওন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি)-এর বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। সে গাজীপুরের বড় দেওড়া আনসার আলী রোড এলাকার লুৎফুর রহমানের একমাত্র ছেলে। বর্তমানে মগবাজারের মধুবাগ (মিরবাগ) এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আনিফ বলেন, ‘রাতে আর্জেন্টিনার খেলা দেখতে বন্ধুরা মিলে দু’টি মোটরসাইকেলে করে ওয়ারীর উদ্দেশে রওনা হই। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে আসা মাত্রই শাহজাহান নামের এক পথচারী মোটরসাইকেলের সামনে হঠাৎ চলে আসেন। তাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও ওই পথচারী গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আগামী ৩০ জুন উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল শাওনের।
নিহত শাওনের মা সুলতানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘একটু আগেও আমি নিজের হাতে ছেলেকে ভাত মাখিয়ে খাইয়েছি। আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল। সব প্রস্তুতি শেষ। অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল।’
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ মর্গে রাখা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাথা ও বাম চোখের ওপর গুরুতর আঘাতের কারণে শাওনের মৃত্যু হয়েছে। পথচারীর শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক।’
