হাই এলার্ট, ৬ জেলায় সেনা মোতায়েন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী

হাই এলার্ট, ৬ জেলায় সেনা মোতায়েন

ফন্ট সাইজ:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা হতে পারে- এমন শঙ্কায় সারা দেশে হাই এলার্ট জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৬ জেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। জননিরাপত্তায় শুধু রাজধানীতেই মাঠে কাজ করছেন ১৮ হাজার পুলিশ সদস্য।

সারা দেশের এসপিদের সতর্ক করে ইতিমধ্য পুলিশ সদরদপ্তর থেকে চিঠিও দেয়া হয়েছে। গোয়েন্দারা ধারণা করছেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি বিচ্ছিন্নভাবে বা দলগত হয়ে মিছিল, মিটিং, বিশৃঙ্খলা বা নাশকতা তৈরি করতে পারে। তবে গোয়েন্দা বার্তা পাওয়ার পর থেকে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জোরদার করা হয়েছে পুলিশের অভিযান, তল্লাশি ও চেকপোস্ট। গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই মধ্যে সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকাসহ অন্যান্য জায়গা থেকেও মিছিল বা মিছিলের চেষ্টাকালে অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা সূত্র বলছেন, ২৩শে জুন ঘিরে আওয়ামী লীগ নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল, ব্যানার প্রদর্শন বা দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলনের চেষ্টা করতে পারে। এ ধরনের কার্যক্রমের জেরে ছাত্র আন্দোলন ও অন্য রাজনৈতিক দলের সঙ্গে সংঘাতের শঙ্কা রয়েছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে সারাদেশের থানাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়ে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে নির্দেশনা পাঠানো হয়েছে।

গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে সেনা মোতায়েন চেয়ে একটি চিঠি ইস্যু করা হয়। চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এর ফলে দেশের বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ অবস্থায় ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর জেলার শান্তিশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনগণের জানমালের সুরক্ষার লক্ষ্যে সোমবার থেকে ৩০শে জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসানের স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এর ফলে বিদ্যমান অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি’র নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষ তৈরির আশঙ্কা রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আওয়ামী লীগের কর্মকাণ্ডে বাধা দিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ক্ষুব্ধ হতে পারে। চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায় এ বিষয়ের গুরুত্ব অনুধাবন করে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এ অবস্থায় বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে সব মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজিকে (অপারেশনস) প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ না পেলেও দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৩শে জুন ভার্চ্যুয়ালি আলোচনা সভাসহ বেশ কিছু কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। দলটির অফিসিয়াল ফেসবুক পেজ ও ই-মেইলে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণ, বনানী কবরস্থান ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে শ্রদ্ধা নিবেদন, প্রচারপত্র বিলি, মিলাদ-দোয়া মাহফিলসহ বেশ কিছু কর্মসূচি পালন করা হবে বলে দাবি করা হয়েছে। এ ছাড়া ২৩ থেকে ৩০শে জুন সহযোগী সংগঠনগুলোর ব্যানারে ভার্চ্যুয়ালি আলোচনা সভার কথাও বলা হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন