চাঁদাবাজির অভিযোগে আটক এমপি-পুত্র মুচলেকায় মুক্ত

ফন্ট সাইজ:

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে ছেড়ে দিয়েছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে সোমবার সকালে তাকে ছেড়ে দেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম মানবজমিনকে বলেন, খাইরুল ইসলাম সজীবের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। সেসব বিষয়ে যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করেছি। এরপর (আজ) গতকাল সকালে তার আত্মীয়ের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।

তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। এর আগে রোববার বিকালে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে খাইরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে আটক করে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ কার্যালয়ে নেয়া হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে মিন্টো রোড ডিএমপি’র ডিবি কার্যালয়ে হস্তান্তর করে নারায়ণগঞ্জ পুলিশ। অভিযোগ আছে- বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গ্রুপের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খাইরুল। টাকা না দেয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপে গাড়ি ছেড়ে দেয় খাইরুল।

তবে এই ঘটনা জানাজানির পর যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও দপ্তরের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নানা অনিয়মে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার অপকর্মের দায় দল নেবে না।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন