ফুরফুরে ইংল্যান্ড, আত্মবিশ্বাসী ঘানা

ফুরফুরে ইংল্যান্ড, আত্মবিশ্বাসী ঘানা

ফন্ট সাইজ:

আমেরিকান কান্ট্রি মিউজিকের বড় ভক্ত হ্যারি কেইন। অনুশীলন থেকে ছুটি পেয়েই ছুটে গেলেন গায়িকা এলা লংলের কনসার্টে। ঘানার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কেইন চাঙ্গা করে নিলেন কায়া-মন। ইংল্যান্ড স্কোয়াডের অন্য সদস্যরাও ডে-অফ কাটিয়েছেন যে যার মতো। চাপ নয়, থ্রি লায়নস শিবির এখন আত্মবিশ্বাসে টইটুম্বুর। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের দাপুটে জয়ে অভিযান শুরু করে টমাস টুখেলের দল। সেই জয়ের রেশ গায়ে মেখেই আজ ঘানার মুখোমুখি হচ্ছে তারা। ফক্সবরোর বোস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। সমীকরণ সহজ। যেকোনো ব্যবধানের জয়ই ইংল্যান্ডকে পৌঁছে দেবে নকআউট পর্বে। এরপর ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ‘এল’ গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া মোকাবিলা করবে পানামার। দু’দলের জন্যই ম্যাচটি বাঁচামরার।

ঘানার বিপক্ষে জয়ের সঙ্গে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাবে ইংল্যান্ড। ঘানার সামনেও একই সমীকরণ। ইংল্যান্ডের বিপক্ষে একটা জয়ই তাদের তুলে দেবে শেষ ৩২-এ। এর আগে মাত্র একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড ও ঘানা। ২০১১ সালের ওই ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।

২০১০ বিশ্বকাপে নাটকীয়তার পর কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন ঘানা। ২০১৪ ও ২০২২ আসরের গ্রুপ পর্বেই থামে তাদের যাত্রা। অভিজ্ঞ কোচ কার্লোস কুইরোজের অধীনে এবার নকআউট পর্বের স্বপ্ন দেখছে দলটি। পানামাকে ১-০ হারিয়ে ঘানার চোখ এখন ইংল্যান্ড ম্যাচে। কোচ কুইরোজ বলেন, ‘আমরা ইংল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচ খেলার জন্য প্রস্তুত। চেষ্টা করবো জিততে। প্রতিটি ম্যাচই ভিন্ন এবং কঠিন হবে। কিন্তু আমরা প্রস্তুত রয়েছি।’

সাকাকে নিয়ে শঙ্কা
ক্রোয়েশিয়া ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে নামেন বুকায়ো সাকা। ঘানার বিপক্ষে তার শুরুর একাদশে না থাকার সম্ভাবনা বেশি। কানসাস সিটিতে দলীয় অনুশীলনে যোগ দিতে পারেননি সাকা। আলাদাভাবে ট্রেনিং সেশন করেন তিনি। স্কাই স্পোর্টস জানিয়েছে, শনিবারের সেশনে সাকা অনুপস্থিত ছিলেন। সাংবাদিক রব ডরসেট বলেন, ‘টমাস টুখেল বলে আসছেন পানামা ম্যাচে পূর্ণ ফিট হয়ে উঠবেন সাকা। কিন্তু উদ্বেগের বিষয় হলো শনিবারের অনুশীলনে আমরা সাকাকে দেখতে পাইনি। সুতরাং ননি মাদুকেকে আরেকবার দেখা যেতে পারে একাদশে।’
গত মার্চ থেকেই অ্যাকিলিস ইনজুরিতে ভুগছেন আর্সেনাল তারকা। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় ইংল্যান্ড দল। ফিটনেস সমস্যা রয়েছে সাকার ক্লাব সতীর্থ ডেক্লান রাইসেরও। ক্রোয়েশিয়ার বিপক্ষে ৭৩ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি। তবে ঘানার বিপক্ষে খেলতে মরিয়া রাইস। তিনি বলেন, ‘পাগলাটে সূচি কিন্তু আমরা কী করতে পারি? বসে বসে অভিযোগ করার সময় নেই।’
বোস্টনের কন্ডিশন অনেকটা ইংল্যান্ডের মতোই। ঠান্ডা হাওয়া আর বৃষ্টিভেজা আবহাওয়া সুবিধা দেবে কেইনদের। দেখা যাক, সেই সুবিধা কতটা কাজে লাগে থ্রি লায়নসদের।

‘এল’ গ্রুপের সমীকরণ
১/ ঘানাকে হারালেই শেষ ৩২ নিশ্চিত ইংল্যান্ডের। সঙ্গে ক্রোয়েশিয়া-পানামা ম্যাচ ড্র হলে এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে থ্রি লায়ন্সরা।
২/ ঘানার জন্যও সমান সুযোগ। জয় পেলে নকআউট পর্বে উঠে যাবে আফ্রিকান দলটি এবং ক্রোয়েশিয়ার ড্রয়ে তারা হয়ে যাবে গ্রুপসেরা।
৩/ ইংল্যান্ড্রের ও পানামার হারে বিদায় নেবে পানামা।
৪/ ঘানার ড্র এবং ক্রোয়েশিয়ার হারে বিদায় ঘণ্টা বাজবে ক্রোয়েশিয়ার।

নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ
শেষ ৩২ রাউন্ডে ‘এল’ গ্রুপের চ্যাম্পিয়ন খেলবে তৃতীয় হয়ে নকআউটে যাওয়া কোনো দলের বিপক্ষে। আর রানার্সআপ দলের প্রতিপক্ষ হবে ‘কে’ গ্রুপের রানার্সআপ দল। যেখানে পর্তুগালের সঙ্গে রয়েছে ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন