বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম রাউন্ড শেষের পথে। ইতিমধ্যে শেষ বত্রিশ নিশ্চিত করে ফেলেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও জার্মানি। তবে নকআউট পর্বের আগে দলগুলোকে মাথায় রাখতে হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। হলুদ কার্ডের হিসাব। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কোনো খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ড দেখলে শেষ বত্রিশের ম্যাচে তাকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে। এই ঝুঁকি মাথায় রেখেই কৌশল সাজাতে হচ্ছে দলগুলোকে।
এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে রেকর্ড ৪৮টি দল। যোগ হয়েছে নতুন একটি রাউন্ড- শেষ বত্রিশ। ম্যাচের সংখ্যা বাড়ায় হলুদ কার্ড জমে গিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মূল খেলোয়াড়দের ছিটকে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়। এই সমস্যা সমাধানেই নতুন নিয়ম চালু করেছে ফিফা। আগে পুরো টুর্নামেন্টে একবারই হলুদ কার্ডের হিসাব মুছে ফেলা হতো। এবার তা হবে দুইবার। গ্রুপ পর্ব শেষে নকআউট শুরুর আগে একবার, এরপর কোয়ার্টার ফাইনাল শেষে আরেকবার হলুদ কার্ডের হিসাব শূন্য থেকে শুরু হবে। এর ফলে গ্রুপ পর্বে পাওয়া মাত্র দুটি হলুদ কার্ডের কারণে ফাইনালে কাউকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে না। তবে এই নতুন নিয়মের একটি কড়া দিকও আছে।
নির্দিষ্ট সময়সীমার আগে অর্থাৎ গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যেই কোনো খেলোয়াড় দুটি হলুদ কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই নিয়মের প্রথম ভুক্তভোগী দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার তেবোহো মোকোয়েনা। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ তৃতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বুধবার মাঠে নামতে পারবেন না তিনি। ইতিমধ্যে দুটি হলুদ কার্ড জমা তার নামের পাশে। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলোয় প্রতিটি দলকেই এখন বাড়তি সতর্ক থাকতে হচ্ছে। একটি অসতর্ক ট্যাকল কিংবা একটি কার্ডই হয়তো বদলে দিতে পারে নকআউট পর্বের পুরো সমীকরণ।
