১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট টাইগারদের!

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট টাইগারদের!

ফন্ট সাইজ:

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। গতকাল বৃটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, মূলত ঘরের মাঠে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজের প্রস্তুতি হিসেবে টাইগারদের বিপক্ষে এই টেস্ট ম্যাচটি খেলবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। মে মাসের শেষ দিকে এই দ্বিপাক্ষিক লড়াইটি অনুষ্ঠিত হতে পারে। তবে ম্যাচটির ভেন্যু এখনো চূড়ান্ত করা হয়নি। লর্ডসে ম্যাচটি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে। এটি নিশ্চিত হলে মাত্র ৪ মাসের ব্যবধানে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টেস্ট খেলবে বাংলাদেশ। আইসিসির বর্তমান ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে এসে ২টি টেস্ট খেলার কথা রয়েছে ইংলিশদের।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ম্যাচ ২টি অনুষ্ঠিত হবে মিরপুর ও চট্টগ্রামে। তবে মে মাসে ইংল্যান্ডের মাঠে অনুষ্ঠেয় বাংলাদেশের এই টেস্ট ম্যাচটির ভেন্যু নির্ধারণের বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যুর ওপর। আগামী জুনে অনুষ্ঠেয় ফাইনালের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি ইসিবি। পরবর্তী ৩টি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির সঙ্গে চুক্তি রয়েছে ইসিবির। চুক্তির শর্ত অনুযায়ী, প্রতি ২ বছর অন্তর হতে যাওয়া এই ফাইনাল অবশ্যই লন্ডনে অনুষ্ঠিত হতে হবে। পূর্বে লর্ডসকে ভেন্যু হিসেবে নির্বাচন করা হলেও উইকেটের অতি মাত্রায় বোলিং সহায়ক আচরণের কারণে ম্যাচটি ওভালে সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়েছে স্বাগতিক দেশের প্রধান ক্রিকেট সংস্থাটি।

লর্ডসের উইকেট নিয়ে সম্প্রতি তীব্র সমালোচনার ঝড় উঠেছে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি টেস্টে অতিরিক্ত সিম মুভমেন্ট ও অসমান বাউন্সের কারণে ম্যাচটি মাত্র ১৬৬ ওভারে শেষ হয়ে যায়। বিগত ১৪০ বছরের ইতিহাসে লর্ডসে ২ দল সব ইনিংসে অলআউট হওয়া সংক্ষিপ্ততম টেস্ট এটি। যেখানে মোট ৪০টি আউটের মধ্যে ২৪ টিই ছিল বোল্ড ও এলবিডব্লিউ। পরবর্তীতে আইসিসি লর্ডসের অনাকাঙ্ক্ষিত উইকেটকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়ে লর্ডসকে ১টি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ পর্যন্ত ওভালে স্থানান্তরিত হয়, তবে বাংলাদেশের বিপক্ষে টেস্টটি লর্ডসেই অনুষ্ঠিত হবে। মেরিলিবোন ক্রিকেট ক্লাব বা এমসিসির সঙ্গে ইসিবির চুক্তি অনুযায়ী, প্রতি ইংলিশ গ্রীষ্মে লর্ডস ২টি টেস্ট আয়োজনের অধিকার পায়।

সেক্ষেত্রে আগামী গ্রীষ্মের ৭টি টেস্টের মধ্যে ৪টি ম্যাচই লন্ডনে অনুষ্ঠিত হবে এবং ইংল্যান্ডের উত্তরাঞ্চলে কোনো টেস্ট থাকবে না। এজন্য সমালোচনার মুখে পড়েছে স্বাগতিক দেশের বোর্ড। টেস্ট মর্যাদা পাওয়ার পর প্রথম ১০ বছরেই ২ দফায় ইংল্যান্ডে টেস্ট খেলেছে বাংলাদেশ। এরপর দীর্ঘ খরা পেরিয়ে অবশেষে মে মাসে আবার সেখানে খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে, গত ১৬ বছরে ইংলিশরা বাংলাদেশে টেস্ট খেলতে এসেছে মোটে একবার। সেই সিরিজটি ১-১ ড্র হয়েছিল। ম্যাচটি মূলত ওল্ড ট্র্যাফোর্ডে আয়োজনের কথা থাকলেও, ক্ষতিপূরণ প্রদান করা হলে ভেন্যু ছাড়তে সম্মত হয় কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ার।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন