শাহজালালের মাজারে চার দিনে স্বর্ণালঙ্কার ও ডলার-পাউন্ডসহ মিলল ১৭ লাখ টাকা

ফন্ট সাইজ:

সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের তিনটি ডেগসহ আটটি দানবাক্সে মাত্র চার দিনে সাড়ে ১৭ লাখ টাকার পাশাপাশি সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে। সোমবার দুপুর ২টার দিকে দানবাক্সগুলো খুলে প্রকাশ্যে গণনা করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে মাজার প্রাঙ্গণে এ হিসাব তুলে ধরেন সিলেটের ওয়াকফ অফিসার মো. সজল মিয়া।
জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে দানবাক্স সিলগালা করে দরগাহ মসজিদের সামনে গণনার জন্য নেয়া হয়। এরপর শুরু হয় টাকা গণনা। গণনার কাজে আধুনিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে গণনা মেশিন ব্যবহার করা হয়। মোট ৩৬ জন স্বেচ্ছাসেবক এবং দরগাহ মাদ্রাসার শিক্ষার্থীরা গণনার কাজে সহযোগিতা করেন। পুরো প্রক্রিয়াটি তদারকি করেন জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।

ওয়াকফ অফিসার মো. সজল মিয়া বলেন, জেলা প্রশাসকের নির্দেশে ১৮ জুন বিকাল ৪টার তিনটি ডেগসহ দানবাক্স সিনগালা করা হয়। পিতলের মোট তিনটি ডেগ, মহিলা ইবাদত খানার ছোট একটি দানবাক্স আমরা সিনগালা করেছিলাম। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা চারটি দানবাক্স স্থাপন করেছিলাম। এদিন বেলা ২টার দিকে আমরা দানবাক্সগুলো খুলেছি। এতে নগদ ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া গেছে। এ ছাড়া সাত আনা স্বর্ণ ও সৌদি পাঁচ রিয়াল করে দুটি নোট পেয়েছি। প্রাপ্ত টাকা হযরত শাহজালাল (রহ.) মাজার হিসাবে সোনালি ব্যাংক শাখায় জমা করা হবে।

ওদিকে, বদলির আদেশের একদিন পর এদিন দুপুরে মাজারের শত শত বছরের প্রচলিত রীতি ভেঙে প্রকাশ্যে দানের অর্থ গণনার উদ্যোগ নেন জেলা প্রশাসক সারওয়ার আলম। মাজারে উপস্থিত লোকজন বলেন, এই প্রথম মাজারের দানের টাকা প্রকাশ্যে গণনা চলছে; যা আগে কখনো হয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন