ডোকুর পাশে ওয়াটকিন্স ফরাসি টিভির ক্ষমা

সন্তানের জন্ম বনাম বিশ্বকাপ

ডোকুর পাশে ওয়াটকিন্স ফরাসি টিভির ক্ষমা

ফন্ট সাইজ:

বিশ্বকাপের মাঝেই এক অভিনব বিতর্ক। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বেলজিয়ামের উইঙ্গার জেরেমি ডোকুর বিশ্বকাপ ছাড়ার ইচ্ছাকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে। ডোকুকে কটাক্ষ করে ফরাসি এক উপস্থাপিকার আপত্তিকর মন্তব্যের পর বিশ্ব জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে ফরাসি টেলিভিশন কর্তৃপক্ষ।

বিতর্কের সূত্রপাত গত শুক্রবার ফরাসি টিভি শো ‘লেকিপ দে শক-এর উপস্থাপিকা ফ্রান্স পিয়েরনের একটি মন্তব্য থেকে। ডোকুর সিদ্ধান্তকে সমালোচনা করে তিনি বলেন, ‘সন্তানের জন্ম দেয়াটা একটা জঘন্য মুহূর্ত, আমাকে ক্ষমা করবেন, যেখানে বাবার কোনো কাজই থাকে না।’ ডোকুর পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘শত শত ফুটবলার আপনার জায়গায় আসার জন্য মুখিয়ে আছে। আপনি একটা শৈশবের স্বপ্ন বাঁচিয়ে রাখছেন, যা জীবনে হয়তো আর কখনো ফিরে আসবে না।’

ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী বেলজিয়ান তারকা ডোকু জুলাইয়ের শুরুতে তার প্রথম পুত্রের জন্মের সময় উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেন। তিনি আগেই বলেন, ‘কেউই সন্তানের জন্মমুহূর্ত মিস করতে চায় না।’

ডোকুর এই পারিবারিক সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ওলি ওয়াটকিন্স। এক সংবাদ সম্মেলনে তিনি ফরাসি উপস্থাপিকাকে ধুয়ে দিয়ে বলেন, ‘ডোকু ঠিকই বলেছে, প্রথম সন্তানের জন্ম জীবনে একবারই আসে। তাকে পৃথিবীতে স্বাগত জানানো একটি আশীর্বাদ।’ ওয়াটকিন্স আরও বলেন, ‘কেউ একজন এটাকে জঘন্য বলেছে। প্রথমত, একটা জন্মকে এভাবে আখ্যায়িত করা ঠিক নয়।

আর অনুশীলনের পর সে কী করবে, তা নিয়ে নাক গলানোর অধিকার অন্য কারও নেই।’ তীব্র সমালোচনার মুখে রোববার রাতে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে লেকিপ কর্তৃপক্ষ। ডোকুর কাছে দুঃখ প্রকাশ করে তারা জানায়, পিয়েরনের এই মন্তব্য প্রতিষ্ঠানের মূল্যবোধকে প্রতিফলিত করে না। এদিকে অসুস্থতার কারণে রোববার ইরানের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের ম্যাচে মাঠে নামতে পারেননি ডোকু। টানা দুই ড্রয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে চরম ঝুঁকিতে আছে বেলজিয়াম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন