রাজধানীর মোহাম্মদপুরে মো. ইব্রাহিম নামে এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টায় মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকার ময়ূর ভিলা সংলগ্ন নূর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত ইব্রাহিম জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে দাবি করেছেন তার মামা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ইব্রাহিম স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন দুর্বৃত্ত বোরকা ও মাস্ক পরে এসে সকলের সামনে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আবার সিএনজিতে করে চলে যায়। পরে তাকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করেন।
ভুক্তভোগী ইব্রাহিমের মামা মো. রুবেল মিয়া বলেন, ‘আমাদের বাসা ময়ূর ভিলার ঢালে। আমার ভাগনে ছাত্র সমন্বয়ক এবং এনসিপির রাজনীতি করে। তাকে কে বা কারা ঠিক কি কারণে এভাবে কুপিয়েছে তা আমাদের কারোরই জানা নেই। আমরা এর সঠিক বিচার চাই।’
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দিন। তিনি বলেন, ‘একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। আমরা পুরো বিষয়টি তদন্ত করে দেখছি। ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহায়তা দেয়া হবে।’

Muhammad Ali
৩ মাস আগেএদের ধরে শাস্তি দেওয়া হোক। বিএনপি যেভাবে আওয়ামী লীগের দালালী করতেছে এরা বেশি দিন টিকবে এদের আওয়ামী লীগেই বিতাড়িত করে আবার গোলাম বানাবে।