পেনশন প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করতে কার্যক্রম চলবে অনলাইনে

ফন্ট সাইজ:

পেনশনভোগীদের পেনশন প্রক্রিয়া আরও দ্রুত ও জবাবদিহিমূলক করতে অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস) চালু করছে সরকার। এর ফলে একজন পেনশনভোগী অনলাইনে নিজেই জানতে পারবেন তার পেনশন ফাইল কোন কার্যালয়ে এবং কোন পর্যায়ে রয়েছে। ওপিটিএমএস পদ্ধতি চালু করতে আজ সোমবার এর অগ্রগতি পর্যালোচনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে সিএজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, সিজিডিএফ এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়ে অবসরোত্তর কার্যক্রমে অটোমেশনের সফলতার ধারাবাহিকতায় অবসরপূর্ব পর্যায়ের কার্যক্রমও ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার লক্ষ্যে এ সিস্টেম প্রস্তুত করা হয়েছে। উপস্থাপনায় বলা হয়, ওপিটিএমএস চালু হলে পেনশন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সেবার গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

সভায় সিএজি মো. নূরুল ইসলাম সিস্টেমটির সফল ও দ্রুত বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কারিগরি দলের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ওপিটিএমএস দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা আরও স্বচ্ছ, সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল পেনশন সেবা পাবেন।

এতে হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) কার্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন