সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সরওয়ার আলমের নির্দেশে গণনা করা হচ্ছে হযরত শাহজালাল (র.) মাজারের দান-খয়রাতের টাকা। সিলগালা করার এক সপ্তাহের মাথায় সোমবার বাদ জোহর মাজার প্রাঙ্গণে সবার সামনে এই টাকা গণনা শুরু হয়। ওখানে উপস্থিত ছিলেন মাজার তদারকিতে থাকা জেলা প্রশাসনের নিযুক্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা।
এদিকে টাকা গণনা দেখতে মাজার প্রাঙ্গণে ভিড় জমান উৎসুক জনতা। কয়েকশ’ জনতাকে সামাল দিতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এর আগে দরগাহে যান বিদায়ী জেলা প্রশাসক সরওয়ার আলম। তিনি মাজার মসজিদে জোহরের নামাজ আদায় করে মাজার প্রাঙ্গণ ঘুরে দেখেন। তিনি আসার পরপরই মাজারের দানের জন্য সিলগালা করে রাখা ডেগ খুলে টাকা বস্তায় ভরে গণনার জন্য নিয়ে আসা হয়।
এদিকে জেলা প্রশাসক সরওয়ার আলমের প্রত্যাহার নিয়ে সিলেটে পক্ষে-বিপক্ষে বিতর্ক চলছে। সকাল থেকে জেলা প্রশাসকের সামনে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে মিছিল হয়েছে। এসব মিছিল থেকে জেলা প্রশাসককে সিলেট থেকে প্রত্যাহারের আদেশ বাতিলের দাবি জানানো হয়েছে। তবে সার্বিক বিষয় নিয়ে বিকাল পর্যন্ত কোনো বক্তব্য দেননি জেলা প্রশাসক। মাজার প্রাঙ্গণে সংবাদকর্মীদের তিনি বলেছেন, ‘ভিডিও বার্তায় তিনি তার বক্তব্য জানাবেন।’

জামাল
১ ঘন্টা আগেভাল লোকদের এভাবেই বিদায় নিতে হয়।উনি কোনও খারাপ কাজ করেন নাই।