রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের মাধ্যমে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের মাধ্যমে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম

ফন্ট সাইজ:

রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে আসিয়ানের প্ল্যাটফর্ম ব্যবহার করে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া। মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও কূটনৈতিক সম্পৃক্ততা বাড়িয়ে এই সংকট সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

স্থানীয় সময় সোমবার পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম আরও বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়া উভয় দেশই রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে অভিন্ন অবস্থান পোষণ করে।

তিনি বলেন, “বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে আমরা যৌথভাবে কাজ করব। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের উদ্যোগ এবং আসিয়ানের বিদ্যমান প্রক্রিয়ার মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে সম্পৃক্ত হয়ে এই দীর্ঘস্থায়ী সমস্যার সমাধানের পথ খোঁজা হবে।”

আনোয়ার ইব্রাহিম বলেন, রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশ বা মালয়েশিয়ার নয়, এটি সমগ্র অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট চ্যালেঞ্জ। তাই এ সংকটের স্থায়ী সমাধানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা জরুরি।

অন্যদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের লক্ষ্যে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।”
প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের পাশাপাশি আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।

এর আগে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, মানবসম্পদ ব্যবস্থাপনা, সেমিকন্ডাক্টর, জ্বালানি, কৃষি, শিক্ষা এবং প্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় করেন।
পরে দুই নেতা সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং সন্ত্রাসবাদবিরোধী গবেষণা ও বিনিয়োগ উন্নয়ন ও সহায়তা সংক্রান্ত দুটি দলিল বিনিময় প্রত্যক্ষ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দুই দিনের সফরে গত রোববার রাতে কুয়ালালামপুরে পৌঁছান। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তাঁর প্রথম দ্বিপাক্ষিক সরকারি বিদেশ সফর।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন