ফিলিস্তিন, গলফ ও ইরান ইস্যুতে অভিন্ন অবস্থানে বাংলাদেশ-মালয়েশিয়া

আনোয়ার ইব্রাহিম

ফিলিস্তিন, গলফ ও ইরান ইস্যুতে অভিন্ন অবস্থানে বাংলাদেশ-মালয়েশিয়া

ফন্ট সাইজ:

ফিলিস্তিন, গাজা, উপসাগরীয় অঞ্চল (গালফ) ও ইরানসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও মালয়েশিয়া অভিন্ন অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেছেন, শান্তি, ন্যায়বিচার ও আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দেশ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে।

সোমবার (২২ জুন) পুত্রজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম এ কথা বলেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার, গাজায় চলমান মানবিক সংকট এবং সেখানে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দুই দেশের অবস্থান একই। পাশাপাশি উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায়ও বাংলাদেশ ও মালয়েশিয়া একমত।

আনোয়ার ইব্রাহিম বলেন, “আমরা একসঙ্গে আছি এবং শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে আমাদের সব আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে কাজ চালিয়ে যাব।”

প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার মালয়েশিয়ায় পৌঁছান। দুই দিনের এই সরকারি সফরের লক্ষ্য হচ্ছে দুই দেশের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক কেবল কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নয়; এটি পারস্পরিক আস্থা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আপনি অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ ছিলেন। আমাদের এই পারিবারিক বন্ধন ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও শক্তিশালী হবে বলে আমি আশা করি।”
দুই নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে সমন্বিত অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন