চলমান ফুটবল বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধের পক্ষে সাফাই গাইছে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এই নিয়ম নিয়ে উদ্ভূত জটিলতা নিরসনে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে তারা। এক প্রতিবেদনে রয়টার্স জানায়, ইরান দল তাদের ওপর আনা এই বিধিনিষেধের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। দলটির কোচ আমির ঘালেনোই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চলমান বিশ্বকাপে আমরাই সবচেয়ে বেশি নিপীড়িত ও বঞ্চিত দল।’ বর্তমান নিয়ম অনুযায়ী, ইরান দল তাদের ম্যাচের মাত্র ২৪ ঘণ্টা আগে ভেন্যুতে পৌঁছাতে পারবে। এবং ম্যাচ শেষ হওয়া মাত্রই সরাসরি মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত তাদের মূল প্রশিক্ষণ ক্যাম্পে ফিরে যেতে বাধ্য থাকবে। টুর্নামেন্টের জন্য গঠিত হোয়াইট হাউস টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি টেক্সাসের হিউস্টনে রয়টার্সের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘পরিস্থিতি পরিবর্তনশীল। আজ লস অ্যাঞ্জেলেসে বেলজিয়ামের বিরুদ্ধে ম্যাচের পর ইরান দল মাত্র ২৭ মিনিটের ফ্লাইটে টিজুয়ানায় ফিরে যাবে।
দ্বিতীয় ম্যাচের পর পরিস্থিতি বিবেচনা করে, আগামী শুক্রবার সিয়াটলে মিসরের বিরুদ্ধে তাদের তৃতীয় ম্যাচের ভ্রমণ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা করা হবে।’ নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত জটিলতার ব্যাখ্যা দিয়ে জুলিয়ানি আরও বলেন, ‘আমরা সব খেলোয়াড় এবং কোচকে ভিসা দিয়েছি। তবে দলের কিছু কর্মকর্তার ভিসা দেয়া হয়নি, কারণ তাদের ব্যাপারে আমাদের কাছে নেতিবাচক তথ্য রয়েছে। মার্কিন নাগরিক এবং বিশ্বকাপে আসা আন্তর্জাতিক দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।’ তবে বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো ধরনের বড় নিরাপত্তা হুমকি নেই বলে নিশ্চিত করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকীর এই বিশেষ বছরে বিশ্বকাপ আয়োজনকে একটি দারুণ উৎসব হিসেবে দেখছে ওয়াশিংটন। অন্যদিকে, মাঠের লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরের এই কূটনৈতিক ও কৌশলগত উত্তেজনা ফুটবল বিশ্বে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে।
