বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বাংলাদেশের শিক্ষার্থীদের ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ফন্ট সাইজ:

স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশন।

রোববার সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার। বৈঠক শেষে তিনি মন্ত্রীর হাতে শিক্ষার্থীদের জন্য ১ হাজার ফুটবল তুলে দেন।

সচিবালয়ে মন্ত্রণালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কারিগরি শিক্ষাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।

পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, শিক্ষা খাতে বিশেষ করে কারিগরি শিক্ষার উন্নয়নে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে কাজ করতে পারে। তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

এ সময় শিক্ষাসচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ উপস্থিত ছিলেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন