সরকারি সফরে আজ মালয়েশিয়া পৌঁছে রাষ্ট্রীয় মর্যাদায় সংবর্ধিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর।
দেশটির জাতীয় সংবাদ সংস্থা 'বারনামা' জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধি দলকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) বুঙ্গা রায়া কমপ্লেক্সে ফার্স্ট ব্যাটালিয়ন রয়েল রেঞ্জার রেজিমেন্টের একটি স্ট্যাটিক গার্ড অব অনারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুর ৩টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।
মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফরে যাবেন। আগামী ২৫শে জুন তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। সরকারি সফরের অংশ হিসেবে ২৬শে জুন তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গেও সাক্ষাৎ করবেন।
পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন তিনি।
