কলকাতা থেকে নৌশক্তিতে বড় ঘোষণা মোদির

একসঙ্গে ৩ যুদ্ধজাহাজ

কলকাতা থেকে নৌশক্তিতে বড় ঘোষণা মোদির

ফন্ট সাইজ:

নৌবাহিনীর শক্তি বৃদ্ধি এবং প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার অগ্রযাত্রাকে সামনে রেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রোববার (২১ জুন) কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে দেশীয়ভাবে নির্মিত তিনটি যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে কমিশন করেছেন। এই জাহাজগুলো নৌবাহিনীর যুদ্ধ, সমুদ্র জরিপ এবং অ্যান্টি-সাবমেরিন সক্ষমতা আরও জোরদার করবে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয়ভাবে নির্মিত এই তিনটি নৌযান হলো- স্টেলথ ফ্রিগেট আইএনএস দুনাগিরি, সার্ভে ভেসেল (লার্জ) আইএনএস সংশোধক, এবং অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট আইএনএস আগ্রায়।
এগুলো যথাক্রমে সামুদ্রিক যুদ্ধ, হাইড্রোগ্রাফিক জরিপ এবং উপকূলীয় এলাকায় সাবমেরিনবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের আগে দেশটির নৌবাহিনী ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দুনাগিরিকে একটি অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধজাহাজ হিসেবে বর্ণনা করেছে।
ভিডিওতে বলা হয়, নির্ভুলতা, শক্তি এবং গতিশীলতা-আধুনিক অস্ত্র ও সেন্সর সিস্টেমে সজ্জিত, দীর্ঘ সময় সমুদ্রে টিকে থাকার সক্ষমতা এবং দেশীয় স্টেলথ প্রযুক্তিতে তৈরি দুনাগিরি বহুমাত্রিক আধিপত্য ও আঘাত হানার ক্ষমতা রাখে।
আইএনএস দুনাগিরিতে রয়েছে ব্রহ্মোস ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং মাঝারি পাল্লার সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম, যা নৌবাহিনীর যুদ্ধক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।

অন্যদিকে, আইএনএস সংশোধক হলো চতুর্থ সার্ভে ভেসেল (লার্জ), যা উপকূলীয় এবং গভীর সমুদ্র এলাকায় হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং সমুদ্রের ভৌগোলিক ও মহাসাগরীয় তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হবে। এতে রয়েছে আধুনিক সার্ভে সিস্টেম, অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকল এবং রিমোটলি অপারেটেড ভেহিকল।
আইএনএস আগ্রায় হলো, অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট, যা হালকা টর্পেডো, দেশীয় রকেট লঞ্চার এবং অগভীর পানিতে সাবমেরিন শনাক্তকরণে সক্ষম উন্নত সোনার সিস্টেমে সজ্জিত।

মোদি বলেন, ভারত এখন আর শুধু অস্ত্র কেনার দেশ হিসেবে থাকতে চায় না, বরং প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভর হতে চায়। তিনি বলেন, দেশের সশস্ত্র বাহিনীকে বিশ্বের বাজারে পরিণত করা যাবে না।

এদিন ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, এসব জাহাজ তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারের প্রতীক-ভারতে নির্মাণ, ভারতে নকশা এবং ভারতীয় শ্রম ও প্রযুক্তির সাফল্য।
মোদি বলেন, যে দেশের সামুদ্রিক শক্তি যত বেশি শক্তিশালী, তার অর্থনৈতিক ও কৌশলগত প্রভাবও তত বেশি শক্তিশালী হয়।

তিনি আরও উল্লেখ করেন, কিছু বছর আগে আইএনএস বিক্রান্ত নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে ভারত একটি নতুন অধ্যায়ের সূচনা করেছিল।
তার মতে, সেই যাত্রা থেকে আজকের এই তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌশক্তির ক্রমবর্ধমান অগ্রগতির প্রতীক।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন