বান্দরবানে শিশু কল্যাণে গণমাধ্যমের ভূমিকা জোরদারে মতবিনিময়

ফন্ট সাইজ:

শিশুদের সুরক্ষা, পুষ্টি, শিক্ষা ও অধিকার নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে বান্দরবান শহরের মেঘলাস্থল হলিডে ইন রিসোর্টের হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ওয়ার্ল্ড ভিশন সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার।

তিনি বলেন, শিশুদের সার্বিক উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শিশুদের অধিকার প্রতিষ্ঠা, পুষ্টি উন্নয়ন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জানানো হয়, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অংশীদারিত্বে স্থানীয় এনজিও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন ও গ্রাউস বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলায় একটি শিশু উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের আওতায় ৪ হাজার ৬০৬ জন শিশু, ১১৭টি পাড়া এবং ৭ হাজার ৪৫৩টি পরিবার অন্তর্ভুক্ত রয়েছে। প্রকল্পের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, শিশুর অপুষ্টি দূরীকরণ, শিশুশ্রম নিরসন এবং শিশু সুরক্ষা নিশ্চিতকরণে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এছাড়া প্রতি তিন মাস অন্তর ৩ হাজার ৪৪০ জন শিশুর ওজন পরিমাপ করে তাদের পুষ্টিগত অবস্থা পর্যবেক্ষণ করা হয় বলে সভায় জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সিনিয়র সাংবাদিক বুদ্ধজ্যোতি চাকমা, মিনারুল হক, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মং মং সিং, গ্রাউসের উপনির্বাহী পরিচালক চিন্ময় মুরুং, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমাসহ বান্দরবানে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন