৯ ওভার ও ৭ উইকেট হাতে রেখেই সহজ জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। ১১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলের হয়ে ২৮ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেন অধিনায়ক মিচেল মার্শ। সেই ঝড়েই মূলত জয় নিশ্চিত হয়ে যায় অজিদের। বাংলাদেশের হয়ে এক উইকেট করে নেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাচের দ্বিতীয় ওভারেই রান আউটের দুর্ভাগ্যে কাটা পড়েন ওপেনার তানজিদ হাসান তামিম। এরপর ব্যাটারদের ডট বলের মহড়া আর উইকেট বিলিয়ে দেয়ার আত্মঘাতী খেলা শুরু হয়। জনসনের শিকার হয়ে সাইফ হাসান করেন ৯ বলে মাত্র ১ রান। তিনে নামা পারভেজ হোসেন ইমন পাওয়ার প্লেতে চরম ধীরগতির ব্যাটিং উপহার দেন। ১৩ বলে মাত্র ১ রান করে আউট হন তিনি, যা দেশের ক্রিকেটে ১০ বলের বেশি খেলা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন স্ট্রাইকরেটের রেকর্ড।
এরপর দ্রুতই বিদায় নেন নুরুল হাসান সোহান (৬) ও শামীম পাটোয়ারী (৩)। একপর্যায়ে রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন অধিনায়ক হৃদয়। রিশাদ ১৪ বলে ১৬ রান করে আউট হলেও, তাওহীদ হৃদয়ের একার লড়াই ও লড়াকু অর্ধশতকে ভর করেই ১০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় লাল-সবুজের দল।
