বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ অথবা ১৭ বছর পূর্ণ হলে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার নির্বাচন কমিশনের এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) আবি শাহানুর খান সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এই তথ্য জানা গেছে। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের কাছে পাঠানো এই চিঠিতে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যে সব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬-১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে।
সিদ্ধান্ত মোতাবেক নির্দেশক্রমে বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হলো। ইসি এনআইডি অনুবিভাগের কর্মকর্তা জানান, এনআইডি পেলেও ১৮ বছর না হওয়া পর্যন্ত ভোটার তালিকায় যুক্ত হবে না। এর আগে ১৭ বছর বয়সীদের এনআইডি দিতো ইসি। নির্বাচন কমিশনের দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের বর্তমানে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।
