বাংলাদেশ-ভারত জনকেন্দ্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা প্রণয় ভার্মার

ফন্ট সাইজ:

বাংলাদেশ-ভারত জনকেন্দ্রিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত হাইকমিশনার প্রণয় ভার্মা। এ ছাড়া নির্বাচিত নতুন সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও জনগণের সুবিধাকে অগ্রাধিকার দেয়ার কথাও জানান তিনি। রোববার বিকালে নতুন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান। প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশে নতুন সরকার গঠনের পর নতুন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে এটি ছিল তার প্রথম বৈঠক। তাই এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ এবং প্রাথমিক মতবিনিময় ছিল। প্রণয় ভার্মা বলেন, নির্বাচনের পর থেকে বাংলাদেশের সঙ্গে আমাদের সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ সম্পর্কে আপনারা অবগত আছেন। ১৩ই ফেব্রুয়ারি নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। একইদিন পরে তাদের মধ্যে টেলিফোনে আলাপও হয়েছে। ভারতের হাইকমিশনার বলেন, এরপর ১৭ই ফেব্রুয়ারি নতুন সরকার শপথ নেয়ার সময় ভারতের লোকসভার স্পিকার ভারত সরকারের প্রতিনিধিত্ব করে শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা সফর করেন। তিনি নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন। বৈঠকে লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেন। প্রণয় ভার্মা বলেন, এসব যোগাযোগে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে বহুমাত্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ইচ্ছা ব্যক্ত করেছি। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেয়ার প্রতি আমাদের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেছি। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পৃক্ত হতে ভারতের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বলে জানান প্রণয় ভার্মা। তিনি বলেন, আমি জানিয়েছি যে পারস্পরিক স্বার্থ ও পারস্পরিক সুফলের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও অগ্রগামী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন