তেজগাঁও কলেজ শিক্ষার্থী ইকরাম হত্যা, দুই বন্ধুর মৃত্যুদণ্ড

ফন্ট সাইজ:

তিন বছর আগে রাজধানী ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যার ঘটনায় তার দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলো, ইকরামের বন্ধু শান্ত মিয়া ও শান্তর সহযোগী আবু সিদ্দিক। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, হত্যার দায়ে দু’জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি লাশ গুমের অভিযোগে তাদের ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। দণ্ডপ্রাপ্তদের মধ্যে শান্ত মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর আসামি সিদ্দিককে আদালতে হাজির করা হলে রায় শেষে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার বিবরণ অনুযায়ী, ইট-বালুর ব্যবসায় লগ্নির অংশ হিসেবে ইকরাম তার বন্ধু শান্তকে ২ লাখ টাকা দিয়েছিলেন। চুক্তি অনুযায়ী প্রতি মাসে ইকরামকে হাতখরচ দেয়ার কথা থাকলেও ২০২২ সালের অক্টোবর থেকে তিনি কোনো অর্থ পাননি। অভিযোগ রয়েছে, শান্ত মাদকাসক্ত হয়ে ব্যবসার পুঁজি নষ্ট করে। বিষয়টি পরিবারকে জানানো ও টাকা ফেরত চাওয়ায় ইকরামের ওপর ক্ষুব্ধ হয় শান্ত। একপর্যায়ে শান্ত তার আরেক বন্ধু আবু সিদ্দিককে নিয়ে ইকরামকে হত্যার পরিকল্পনা করে। ২০২৩ সালের ৪ঠা মে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইকরাম। পরদিন ৫ই মে খিলক্ষেত থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ৬ই মে খিলক্ষেতের পাতিরা বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন