মাদারীপুরে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষ শতাধিক হাতবোমা বিস্ফোরণ

ফন্ট সাইজ:

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়ালো দু’পক্ষ। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা সদর উপজেলার ‘নতুন মাদারীপুর’ গ্রামে এ ঘটনা ঘটে।

হামবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলছিল।

বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এর জেরে শনিবার রাত ৯টা থেকে ১টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটে। সংঘর্ষে আহত হন অন্তত ২ জন। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষ প্রায়ই সংঘর্ষে জড়ায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন