ফিফা বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে গেছে উত্তর আমেরিকার শহরগুলোর রাজপথ, স্টেডিয়ামের গ্যালারি আর আইকনিক স্থানগুলোতে। চলছে সমর্থকদের নানা রঙের উৎসব। ইংলিশদের গান, ব্রাজিলিয়ানদের ছন্দময় নাচ আর স্কটিশদের উদযাপনী হইচইয়ের মাঝে নতুন মাত্রা যোগ করেছেন নরওয়ের সমর্থকরা। তাদের উদ্ভাবনী ‘ভাইকিং রো’ বা কাল্পনিক নৌকা বাইচ রীতি এখন সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল। স্ক্যান্ডিনেভিয়ার বাইরে আগে কখনোই প্রদর্শিত হয়নি এমন বেশ কিছু মূল্যবান নিদর্শনের সমন্বয়ে সাজানো হয়েছে ‘ভাইকিং প্রদর্শনী’।
প্রদর্শনীটিতে ভাইকিংদের দৈনন্দিন জীবন ও ঐতিহ্যের প্রায় ৫০০টিরও বেশি দুর্লভ নিদর্শন ঠাঁই পেয়েছে। ৭৫০ থেকে ১১০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত নর্ডিক সভ্যতার এই সংগ্রহে রয়েছে অসাধারণ গয়না, কারুকার্যখচিত তলোয়ার, শক্তিশালী বর্ম এবং বিভিন্ন ধর্মীয় প্রতীকের নিদর্শন। এমনকি স্ক্যান্ডিনেভিয়ায় পাওয়া প্রাচীনতম ক্রুশচিহ্ন এবং পৌত্তলিক দেবতাদের রূপক হিসেবে ব্যবহৃত সূক্ষ্ম রূপার লকেটও প্রদর্শনীটির মূল আকর্ষণ। এই প্রদর্শনীতে দর্শনার্থীরা ইতিহাসের অংশ হয়ে ওঠার সুযোগ পাচ্ছেন। প্রদশর্নীতে রাখা মডেল ভাইকিং জাহাজ, ‘গোকস্টাড ২’ এবং ‘গোস্ট শিপ’ দর্শনাথীদের খোরাক জুগাচ্ছে। ভার্চুয়াল খনন প্রক্রিয়ার মাধ্যমে দর্শনার্থীরা দেখতে পারবেন কীভাবে প্রত্নতাত্ত্বিকরা মাটির স্তর ভেদ করে অস্ত্র, সরঞ্জাম এবং বিভিন্ন প্রাণীর কঙ্কাল খুঁজে বের করেন।
প্রদর্শনীটিকে জীবন্ত করতে যোগ করা হয়েছে নানা ধরনের ইন্টারঅ্যাক্টিভ ব্যবস্থা। দর্শনার্থীরা ভাইকিংদের ঐতিহ্যবাহী পোশাকের প্রতীকী অর্থ বুঝতে পারবেন এবং সেখানে আয়োজিত ভাইকিং গেমসে অংশ নিতে পারবেন। এছাড়া ভাইকিংদের ব্যবহৃত তলোয়ারের নিখুঁত মডেল হাতে নিয়ে দর্শনার্থীরা পরীক্ষা করতে পারবেন তাদের শক্তি ও দক্ষতা।
‘ভাইকিং রো’ উৎসবের জোয়ার এতটাই যে, খোদ নরওয়ের পার্লামেন্টেও সম্প্রতি আইনপ্রণেতাদের ‘নৌকা বাইচে’ অংশ নিতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এসব ক্লিপে দেখা যায়, নরওয়ের সমর্থকরা একে অপরের পেছনে বসে বৈঠা টানার ভঙ্গিতে শরীর দুলিয়ে উল্লাস করছেন। বোস্টন থেকে যাত্রা শুরু করে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে পৌঁছেছে নরওয়েজিয়ানদের এই ‘ভাইকিং স্কোয়াড’। সুপারস্টার আর্লিং হালান্দের সমর্থনে এই উদ্দাম মিছিল বিশ্বকাপকে দিচ্ছে নতুন ও ভিন্নধর্মী আমেজ। সূচি অনুযায়ী, মঙ্গলবার নিউ জার্সিতে সেনেগালের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে।
