সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার। গত শনিবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, মধ্যনগর উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের বাসিন্দা মো. মেহেদী হাসান ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিভিন্ন বাজেট সংক্রান্ত বিষয়ে জানতে চান। এসময় চেয়ারম্যান জানান, বর্তমানে ইউনিয়ন পরিষদে কোনো বাজেট বরাদ্দ নেই।
এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তিনি কার্যালয়ের ভেতরে থাকা ৫-৬টি চেয়ার, একটি টেবিল, গ্লাসসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুছ ছাত্তার জানান, “বাজেট নেই বলায় তিনি ক্ষিপ্ত হয়ে অফিসের চেয়ার-টেবিল ও অন্যান্য সামগ্রী ভাঙচুর করেন এবং আমাকে প্রাণনাশের হুমকি দেন।” তিনি দাবি করেন, এতে প্রায় ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযুক্ত মধ্যনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিষয়টি অস্বীকার করে বলেন, এলাকার কয়েকজন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্তারের বিরুদ্ধে নারী নিয়ে আপত্তিকর ভিডিও ফুটেজ আমার কাছে দেয়। তার সত্যতা জানার জন্য ইউনিয়ন পরিষদে গেলে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ার ভাঙচুর করে আমার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
মধ্যনগর ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিনু বলেন, তিনি ঢাকা ছিলেন, ঘটনা সত্য। সদস্য সচিব ইউনিয়ন পরিষদে ভাঙচুরের বিষয়টি তাকে জানিয়েছেন। তিনি জরুরি ছাত্রদলের সভা করে ঘটনাটি জেলা কমিটিকে অবগত করবেন। মধ্যনগর থানার অফিসার ইনচার্জ একেএম শাহাবুদ্দিন শাহিন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রমাণ হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
