ময়মনসিংহে চাঁদাবাজি বন্ধের দাবিতে বিক্ষোভ

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ত্রিশালে ও রহমতপুুর বাইপাস মোড়ে চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার সামনে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে প্রায় এক ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।

অটোরিকশা চালকরা জানান, সড়কে জিপি’র নামে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। আগে যেখানে ২০ টাকা জিপি চাঁদা দেয়া হতো, সেখানে তা নির্ধারণ করা হয়েছে ৭০-১০০ টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকায় জায়গায় জায়গায় বিভিন্ন চাঁদা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।

এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বুঝালে চালকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। নিয়মিত অটোরিকশা চালান আব্দুল হাই। তিনি বলেন, বিভিন্ন সড়কে চাঁদা দিয়ে বহু বছর ধরেই গাড়ি চালাচ্ছি। তবে বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেয়া হয়েছে। একেক সড়কে একেকরকম বাড়তি টাকা দিয়ে গাড়ি চালাতে হয়।

এতে চালকরা ক্ষুব্ধ হয়ে উঠে মহাসড়কে আন্দোলনে নেমেছে। এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশালে পরিবহন থেকে চাঁদা আদায় করা হয় না। ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে, এমন অভিযোগ তুলে ত্রিশালের চালকরা একত্রিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন