ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙ্গামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ভারত সীমান্তবর্তী উপজেলার বরকল ও জুরাছড়ির দুর্গম সীমান্ত দিয়ে ভারত থেকে পাচার করে আনা অবৈধ সিগারেট দেশীয় ইঞ্জিন বোটে রা ঙ্গামাটি শহরে এনে এখান থেকে চট্টগ্রামে পাচার করছে একটি চক্র। মূলত সরকারি বিভিন্ন দিবস এবং বন্ধের দিনগুলোকে বেছে নিয়ে এসব অপকর্মগুলো করছে সিন্ডিকেট চক্র। শনিবার দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভলং আর্মি ক্যাম্পের বিপরীত পাশে কাপ্তাই হ্রদ দিয়ে নৌকাযোগে একদল চোরাচালানকারী রাঙ্গামাটির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করে।
পরবর্তীতে জব্দকৃত মালামাল শুভলং ক্যাম্পে হস্তান্তর করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৬ লাখ ৬২ হাজার টাকা। উদ্ধারকৃত অবৈধ সিগারেটগুলোর মধ্যে ১১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৬ হাজার ৫০০ প্যাকেট অরিস, ১০ লাখ টাকার ৪ হাজার প্যাকেট পেট্টোন, ৪ লাখ ৯২ হাজার টাকার ২ হাজার ৪৬০ প্যাকেট ইএসএসই।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে সীমান্তবর্তী ও জলপথ ব্যবহার করে অবৈধভাবে বিদেশি পণ্য দেশে প্রবেশ করানোর চেষ্টা করে থাকে। বিশেষ করে কাপ্তাই হ্রদের মতো বিস্তৃত জলপথ চোরাচালানকারীদের কাছে ঝুঁকিপূর্ণ হলেও সহজ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই এ ধরনের জলপথে নজরদারি আরও জোরদার করা হয়েছে। বরকল থানার অফিসার ইনচার্জ জানান, এই বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
অবৈধ পণ্য পরিবহন ও মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সন্দেহজনক কোনো নৌ-যান, পণ্য বা কার্যক্রম সম্পর্কে নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত অবহিত করার জন্য অনুরোধ জানিয়ে ওসি বলেন, প্রয়োজনে আমরা তথ্য প্রদানকারীর সকল নাম-পরিচয় গোপন রাখবো।

Aminul islam neshat
৩ মাস আগেবরকল অফিসার ইনচার্জ দক্ষ অফিসার আমরা উনার প্রতি কৃতজ্ঞ এমন ভাবে নিষিদ্ধ পন্য ধরতে পেরেছে।