গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। দিন দিন পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এতে ক্যাম্পাস জুড়ে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে বর্তমানে বাতাসের ঘনত্বের তুলনায় যেন মশার ঘনত্বই বেশি। আবাসিক হলের কক্ষ, একাডেমিক ভবন, খেলার মাঠ, এমনকি মসজিদ এলাকাতেও স্বস্তিতে কয়েক মিনিট বসে থাকা কঠিন হয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই মশার আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে।
জানা গেছে, ক্যাম্পাসের বিভিন্ন ড্রেন, নালা ও নিচু স্থানে দীর্ঘদিন ধরে ময়লা ও স্থির পানি জমে থাকায় মশার বংশবিস্তার অব্যাহত রয়েছে। অপরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা ও নিয়মিত পরিষ্কার কার্যক্রমের অভাবে এসব স্থান এখন মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এরই মধ্যে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অনেকে ডেঙ্গু জ্বরসহ মশাবাহিত রোগে আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের অনেকেই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা নিচ্ছেন। ফলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে পুরো ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সপ্তাহে এক থেকে দুইবার মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হলেও তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
শিক্ষার্থীদের দাবি, শুধুমাত্র স্প্রে কার্যক্রম নয়, স্থায়ী ও সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। শিক্ষার্থীরা দ্রুত কয়েকটি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। সেগুলো হলো- ক্যাম্পাসের সব ড্রেন ও নালা জরুরি ভিত্তিতে পরিষ্কার করা, নিয়মিত ও কার্যকর ফগিং কার্যক্রম চালু করা, ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করা।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়া না হলে আসন্ন মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
