রাজধানীর মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে তার নিজ বাসার নিচে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ ঘটনা ঘটে। আহত ওই নেতার নাম মো. নুরুল ইসলাম (৫৫)। তিনি মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ছয় দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার মুখের বাঁ পাশ, কাঁধ ও বাঁ হাতে গুরুতর জখম হয়। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ডিএমপির মোহাম্মদপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক বিরোধের জেরে নুরুল ইসলামকে ছুরিকাঘাত করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।
