ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার প্যারোলে মুক্তি নিয়ে মায়ের জানাজায় অংশগ্রহণ

ফন্ট সাইজ:

সাভারে ২০১৩ সালের ২৪শে এপ্রিল ইতিহাসের ভয়াবহ ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা। প্যারোলে মুক্তি নিয়ে সাভারে মায়ের জানাজায় অংশগ্রহণ করলেন। সাভার মডেল থানা পুলিশের উপস্থিতিতে জানাজায় অংশ নিয়ে তার ভুলের জন্য উপস্থিত সকলের কাছে মাফ চেয়েছেন সোহেল রানা। শনিবার সন্ধ্যায় সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মাদ্রাসা মসজিদে আয়োজিত মায়ের জানাজায় অংশ নেন সোহেল রানা। সোহেল রানার মা মৃত মর্জিনা বেগম সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী। জানাজায় অংশ নিয়ে রানা প্লাজার মালিক সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দিবেন। জানাজায় উপস্থিত রানার চাচাতো ভাই জাহাঙ্গীর আলম জানান, আমার চাচি মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার জানাজায় অংশ নেয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করলে আমার চাচাতো ভাই রানাকে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশ সাভারে নিয়ে আসেন। এসময় জানাজায় উপস্থিত সকলের কাছে রানা তার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জের কারাগারে নিয়ে যায় পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪শে এপ্রিল সকাল ৯টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডে অবস্থিত বহুতল ভবন রানা প্লাজা ধসে পড়ে। এ ঘটনায় ভবনের নিচে চাপা পড়ে সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। ওই ঘটনায় এক হাজার ১৩৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক। ধ্বংসস্তূপের নিচ থেকে দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন