চকরিয়ায় তামাক ক্ষেতে মাংস ব্যবসায়ীর লাশ

ফন্ট সাইজ:

কক্সবাজারের চকরিয়ায় মুজিবুর রহমান (৪৬) নামে এক মাংস ব্যবসায়ী যুবকের লাশ পাওয়া গেছে। উপজেলার ইয়াংছা-মানিকপুর সড়কের কাকারা হযরত শাহ ওমর (রহ.) এর মাজার সংলগ্ন বৃটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির তামাক গোডাউন এলাকায় লাশটি পাওয়া যায়। শনিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুজিবুর রহমান উপজেলার কাকারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সওদাগর পাড়া এলাকার ফকির মোহাম্মদের ছেলে। জানা যায়, তাদের প্রতিবেশী আরিফ ইফতারের পূর্ব মুহূর্তে মুজিবুর রহমানকে ডেকে নিয়ে যায়। রাত ১১টার দিকে তামাক ক্ষেতে তার লাশ যাওয়া যায়। প্রতিবেশী আরিফ জানান, তাদেরকে ডাকাতদল আক্রমণ করে। এ সময় মুজিবুর রহমান নিহত হন। তবে, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না।
নিহতের পরিবারের দাবি, আরিফের সঙ্গে মাংস ব্যবসায়ী মুজিবের পূর্ব শত্রুতা ছিল। এ হত্যাকাণ্ডের জন্য তারা আরিফকে সন্দেহ করছেন। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মানবজমিনকে জানান, ঘটনাস্থলে গিয়ে জানতে পারি পূর্ব শত্রুতার জেরে মুজিবুর রহমান নামে একজন মাংস ব্যবসায়ী নিহত হয়েছেন। দ্রুত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন