ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে সুলতান মিয়া (৪৭) নামে একজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার খাগডর ইউনিয়নের তারাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া ওই এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত সুলতান উদ্দিনের বিক্রি করা জমি নিয়ে একই গোষ্ঠীর চাচাতো ভাই মিরাজ আলীর সঙ্গে বিরোধ ছিল। মিরাজ সেই জমি নিজের দাবি করে বিক্রি করতে বাধা দেয়। এই নিয়ে দু’পক্ষের মাঝে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় দু’পক্ষ ওই জমি নিয়ে আবারো ঝগড়ায় জড়ায়। একপর্যায়ে মিরাজ ও তার ছেলেরা সুলতানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন