মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে আহত

৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন নয়, জানতে চেয়ে রুল

ফন্ট সাইজ:

২০১৯ সালে মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে গুরুতর আহত হওয়া শাহদত হোসেন শ্যামলকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে শ্যামলকে ২ লাখ টাকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), মুন্সিগঞ্জের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালে মুন্সিগঞ্জে টহল পুলিশের গুলিতে শাহাদত হোসেন শ্যামল গুরুতর আহত হন। গুলিতে তার পায়ে স্থায়ী ক্ষতি হয় এবং দীর্ঘ সময় চিকিৎসা নিতে হয়। পরবর্তীতে জাতীয় মানবাধিকার কমিশন ঘটনাটি তদন্ত করে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করলেও তা বাস্তবায়িত হয়নি। এ অবস্থায় ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়।

রিটের শুনানি শেষে হাইকোর্ট প্রাথমিকভাবে মনে করেছেন, রাষ্ট্রীয় সংস্থার দায়িত্ব পালনের সময় কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ন হলে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রশ্ন বিচারিক পর্যালোচনার আওতায় আসে। এ কারণেই আদালত ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না, সে বিষয়ে রুল জারি করেছেন।

জানা গেছে, শ্যামল দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। তার দাবি, গুলিবিদ্ধ হওয়ার পর কর্মক্ষমতা মারাত্মকভাবে কমে গেছে এবং চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারকে আর্থিক সংকটে পড়তে হয়েছে। এ বিষয়ে একাধিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে। রুলের ওপর শুনানি শেষে হাইকোর্ট চূড়ান্ত আদেশ দেবেন। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ টাকা পরিশোধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপিকে নির্দেশ দিয়েছেন আদালত।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন