কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি বাজারে রমজান মাসে ক্যারাম খেলা ও টেলিভিশন চালানো বন্ধের নির্দেশ দিয়েছে এক পুলিশ কর্মকর্তা।
গত শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা বাজার পরিদর্শনে গেলে তার সঙ্গে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ মসিউল আজম। সে সময় তিনি সাদা পোশাকে ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাজারের একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে মসিউল আজম কড়া ভাষায় বলেন, ওই যে ক্যারাম খেলতেছে। আমি বন্ধ করে দিছি কিনা? কেন চলল? সেদিন বাজার কমিটিকে ডেকে বলে গেছি না, তারাবির একমাস কোনো ক্যারাম, কোনো টিভি চলবে না। কেন চলল? পরে তাকে ক্যারাম বোর্ডের দিকে এগিয়ে যেতে দেখা যায়।
ভিডিওতে পাশেই দাঁড়িয়ে থাকা কুষ্টিয়া সদর আসনের এমপি আমির হামজাকে বলতে শোনা যায়, রমজান মাস, ইবাদতের মাস। যাই করবেন, নামাজের সময় যেন এইসব না করেন।
ঘটনার পরদিন রাত ৮টার দিকে বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কেউ কেউ দোকান খুললেও শাটার আংশিক নামানো ছিল। একটি চায়ের দোকানে টেলিভিশন চালু থাকলেও ক্যারাম খেলা বন্ধ দেখা যায়।
ওই দোকানের মালিক (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, ‘আমার এখানে কয়েকজন নিয়মিত বসেন। তারা একটু টিভি দেখেন।’
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি কাশেম মেম্বার সেখানে এসে বলেন, ‘হঠাৎ করে এভাবে সব বন্ধ করে দেয়া ঠিক নয়। তরুণদের কিছু বিনোদনও দরকার। চেয়ারম্যান-মেম্বাররাও মাঝে মধ্যে খেলতে আসেন।’ তবে টাকার বিনিময়ে ক্যারাম খেলা ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মসিউল আজম বলেন, ‘এটি ইসলামের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়। কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। তিনি আরও দাবি করেন, ওপর মহলের নির্দেশেই তিনি এ কথা বলেছেন।’
তবে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার ওসি মাসুদ রানা জানান, এ ধরনের কোনো নির্দেশনা অধস্তনদের দেয়া হয়নি।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দিন বলেন, ‘এটি কোনো পুলিশি নির্দেশনা নয়। রোজার দিনে চায়ের দোকান খোলা থাকবে কি না, তা আইনগত বিষয় নয়; এটি ব্যক্তিগত অনুভূতির বিষয়।’ এ কারণে কাউকে শাস্তি দেয়ার সুযোগ নেই বলেও জানান তিনি।
কুষ্টিয়ায় একটি বাজারে রমজানে ক্যারাম-টিভি বন্ধের নির্দেশ পুলিশ কর্মকর্তার
কুষ্টিয়া প্রতিনিধি
অনলাইন
৩ মাস আগে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬, ৪ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%

মোঃ সাজেদুল ইসলাম
৩ মাস আগেতো এখানে খারাপের কি হলো?