পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
কৃষি, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), মৎস্যবিজ্ঞান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকদের পাশাপাশি কীটতত্ত্ব বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় তিনি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। মতবিনিময় সভাগুলোতে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের প্রকৃত শক্তি তার শিক্ষক সমাজ। শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমের সমন্বিত প্রয়াসের মাধ্যমে পবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়া সম্ভব।”
শিক্ষার্থীদের প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, “শিক্ষার্থী-কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, প্রয়োজনীয় কাউন্সেলিং এবং শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক নিশ্চিতের মাধ্যমে দক্ষ ও মানবিক নাগরিক গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে বিভিন্ন অনুষদে বিদ্যমান শিক্ষক ও জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন তিনি। উপাচার্য আরও বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনী ও বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। এ জন্য বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে একযোগে কাজ করতে হবে।”
উল্লেখ্য, সভাগুলোতে অংশগ্রহণকারী শিক্ষকরা বিভিন্ন অনুষদ ও বিভাগের সমস্যা, সম্ভাবনা এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন। এ সময় উপাচার্য সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
