একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শেখ হাসিনার বার্তা

আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি

ফন্ট সাইজ:

বাঙালির প্রাণের উচ্চারিত শব্দমালা মুছে ফেলে জোর করে নতুন পরিচিতির অনুপ্রবেশ করানোর পাঁয়তারা চলছে। আমরা উপলব্ধি করছি আত্মমর্যাদা রক্ষার সংগ্রাম এখনো শেষ হয়নি। অমর একুশে ও মাতৃভাষা দিবস উপলক্ষে এক বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। ২১শে ফেব্রুয়ারিকে জাতীয় জীবনের পাথেয় বর্ণনা করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন, একুশের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা সকল অপশক্তি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই। বাংলার মানুষ মুক্তি পাক, বাংলার মানুষের জয় হোক। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে হাসিনা বলেন, এই জনপদের মানুষের হাজার বছরের আত্মপরিচয়ের সংগ্রামের দীর্ঘ পথপরিক্রমায় ভাষা আন্দোলন একটি কালজয়ী মাইলফলক। ধর্মের ভিত্তিতে পাকিস্তান প্রতিষ্ঠার পরপরই জাতিসত্তার পরিচয় নির্মাণে ভাষা আন্দোলনের সূচনা। শেখ হাসিনা বলেছেন, অমর একুশে বাঙালির এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় কীর্তি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারির এইদিনে মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেক বীর সন্তান। আমি তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তিনি বলেছেন, আমরা নিজের ভাষা ও জাতিপরিচয়কে যেমন মর্যাদা দেবো, তেমনি সম্মান করবো পৃথিবীর সকল মাতৃভাষা ও জাতিপরিচয়কে-এটিই ২১শে ফেব্রুয়ারির দর্শন। তিনি বলেন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের আঁতুড়ঘর এই ২১শে ফেব্রুয়ারি। পরবর্তীতে স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধকে পরিচালিত করেছে ২১শে ফেব্রুয়ারির আত্মপরিচয়ের চেতনা। ২১শে ফেব্রুয়ারি শুধু বাঙালিদের ভাষা শহীদ দিবস হয়ে থেমে থাকেনি, আমাদের সময়ে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’-এর মর্যাদা পেয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেছেন, এই আঁধার কেটে ভোর হোক। বাংলাদেশ চিরজীবী হোক।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন