তরুণদের চিন্তা, দক্ষতা ও নৈপুণ্যকে গুরুত্ব না দিলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন, তবে কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন তরুণদের অংশগ্রহণ ও সৃজনশীলতা। তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে। গতকাল ডিবেট ফর ডেমোক্রেসির অয়োজনে রাজধানীর তেজগাঁওয়ের বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-এ নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর চ্যাম্পিয়ন, রানারআপসহ বিজয়ী দলসমূহের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
নজরুল ইসলাম খান বলেন, দেশের নানা সমস্যার কথা আমরা বলি, কিন্তু সম্ভাবনার কথাও ভাবতে হবে। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘মানুষ শুধু মুখ নিয়ে জন্মায় না, কাজের জন্য হাত নিয়েও জন্মায়।’ তার মতে, দেশের জনসংখ্যাকে সঠিকভাবে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা গেলে বাংলাদেশ বিশ্বের ধনী দেশগুলোর কাতারে উঠে আসতে পারে। তরুণ ও যুবসমাজের চিন্তাশক্তিকে সুসংহত ও গঠনমূলক কাজে যুক্ত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতের কথা বিবেচনা করে এখনই পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
পানি ব্যবস্থাপনার প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, বিশ্বের বহু দেশ পানির সংকটে ভুগছে এবং ছাদের পানি সংরক্ষণ করে প্রয়োজন মেটাচ্ছে। অথচ বাংলাদেশে কখনো বন্যায় সবকিছু ডুবে যায়, আবার কখনো খরায় ক্ষতি হয়। তিনি বলেন, অতিরিক্ত পানি সংরক্ষণ এবং প্রয়োজনের সময় তা ব্যবহারের ব্যবস্থা করা গেলে দেশের অনেক সমস্যা কমে আসবে।
তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, জনসম্পদ ব্যবস্থাপনা ও প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ এগিয়ে যাবে।
তরুণদের চিন্তাকে সুসংহত করলে দেশ এগিয়ে যাবে: নজরুল ইসলাম খান
স্টাফ রিপোর্টার
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
