প্রেমিকা কেলসি রোজ বাওয়ার্সের সঙ্গে মায়ামিতে ছুটি কাটিয়ে স্পেনের ইবিজা দ্বীপে একান্ত সময় কাটাচ্ছিলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস সেনেসি। তার মাঝেই সুসংবাদ পেয়েছেন ২৯ বছর বয়সী এ ফুটবলার। আলবিসেলেস্তেদের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন তিনি। ডিফেন্ডার লিওনার্দো বালের্দি পেশির চোটে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার স্বপ্ন পূরণ হয়েছে তার। সেনেসির স্বপ্নপূরণে উচ্ছ্বসিত তার প্রেমিকা। বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার রোমাঞ্চকর মুহূর্তের বর্ণনা দিয়ে এক্স (সাবেক টুইটার)-এ একটি পোস্ট শেয়ার করেন কেলসি।
তিনি লেখেন, ‘ও মাই গড! অবশেষে এটা সত্যি হলো! আমরা মাত্রই মায়ামিতে ছুটি কাটিয়ে ইবিজায় এসেছি একটু শান্তিতে সময় কাটাতে। কিন্তু সত্যি বলতে, আমাদের দু’জনের কেউই ফুটবল থেকে মন সরাতে পারছিলাম না। আমরা পরিস্থিতি সম্পর্কে জানতাম (আর্জেন্টিনা দলে ডাক পাওয়ার সম্ভাবনা), তাই পুরোপুরি উপভোগও করতে পারছিলাম না। আর ঠিক তখনই মার্কোসের ফোনে কলটা এলো! সে জাতীয় দলে ডাক পেয়েছে! এটা কি কোনো কৌতুক? আমরা প্রতিদিন ঈশ্বরের কাছে এই প্রার্থনাটাই করছিলাম। সে প্রতিদিন এটা নিয়েই ভাবছিল। এটা সত্যিই অবিশ্বাস্য!’ ফোন রাখার পর তারা দু’জন আনন্দে চিৎকার করে একে-অপরকে জড়িয়ে ধরেন। কেলসি নিজেও একজন পেশাদার ফুটবলার। সম্প্রতি বোর্নমাউথের নারী দলের হয়ে মাঠ কাঁপিয়েছেন তিনি। পাশাপাশি একজন সফল মডেল হিসেবেও তার সুনাম রয়েছে। ইনস্টাগ্রামে তার ২ লাখ ২৫ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। ২০২২ সালে সেনেসি ফেইনুর্ড থেকে বোর্নমাউথে আসেন। কিছুদিন পর বোর্নমাউথে ধারে যোগ দেন কেলেসি। সেখানেই দু’জনের পরিচয় ও সম্পর্কের শুরু। সম্প্রতি ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার্সে যোগ দেন সেনেসি। গত সপ্তাহে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেয় ক্লাবটি। নতুন দলে গিয়ে তিনি খেলবেন স্বদেশি সতীর্থ ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গে, যিনি ক্লাবটির অধিনায়কও। বিশ্বকাপেও দু’জনকে একসঙ্গে দেখা যেতে পারে আর্জেন্টিনার রক্ষণভাগে। টটেনহ্যামে সেনেসির চুক্তি নিশ্চিত হওয়ার পর প্রেমিকা কেলসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘জীবনের নতুন এক অধ্যায়, যার অংশ হতে পেরে আমি ভীষণ আনন্দিত।’ গত মৌসুমে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত সময় কাটান সেনেসি। প্রিমিয়ার লীগে দলটির ষষ্ঠ স্থান অর্জন এবং ইউরোপা লীগে জায়গা করে নেয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। চার মৌসুমে ক্লাবটির হয়ে ১২৯ ম্যাচ খেলেছেন এবং করেন ছয় গোল। সেনেসির টটেনহ্যামে পাড়ি জমানো এবং বিশ্বকাপে ডাক পাওয়ার কারণে এই ফুটবলার জুটি এখন কিছু সময় একে-অপরের থেকে দূরে থাকবেন।
