হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ, খেলতে পারেন তৃতীয় ওয়ানডে

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মিরাজ, খেলতে পারেন তৃতীয় ওয়ানডে

ফন্ট সাইজ:

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নাথান অ্যালিসের বাউন্সারে তিনি মাথায় আঘাত পেয়েছিলেন। এরপর মাঠেই তাকে বমি করতেও দেখা গেছে। আঘাত পাওয়ার পর খেলা চালিয়ে গেলেও ম্যাচের পর মিরাজকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তবে স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। গতকাল বিসিবি’র পাঠানো ভিডিও বার্তায় জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, মিরাজ এরই মধ্যে বাসায়ও ফিরে গেছেন।

ভিডিও বার্তায় নাফিস বলেন, ‘মিরাজ বাসায় ফিরেছে। ১২ ঘণ্টার মতো পর্যবেক্ষণে ছিল। তার মাথায় একটা বাউন্সারে আঘাত লেগেছিল, তারপর একটু বমি হয়। যেটা কিছুটা চিন্তার ছিল। এরপরও সে খেলা চালিয়ে যায়। খেলার পর দ্রুতই বিসিবি’র ডাক্তার, ফিজিওরা সিদ্ধান্ত নেন তাকে এভারকেয়ারে পাঠানো হবে।’ নাফিস এরপর যোগ করেছেন, ‘যদিও সে (তখনই) ভালো বোধ করছিল। এভারকেয়ারে তার স্ক্যান করা হয়। প্রথম স্ক্যানে তার রিপোর্ট ভালো আসে। আজকেও তার স্ক্যান করা হয়, রিপোর্টটা ভালো আসায় তাকে রিলিজ করা হয়েছে।’ মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বাংলাদেশের রান তাড়ায় জয়ের জন্য যখন প্রয়োজন ২৪ রান, তখন এলিসের শর্ট বল লাগে মিরাজের হেলমেটে। আঘাতটি বেশ জোরালো বলেই মনে হচ্ছিল। মাঠে তার চিকিৎসা চলে কিছুক্ষণ। একপর্যায়ে স্ট্রেচারও নেয়া হয় তাকে মাঠের বাইরে আনার জন্য। তবে দলের গুরুত্বপূর্ণ অবস্থায় মাঠ ছাড়েননি তিনি। একটু ধাতস্থ হয়ে আবার ব্যাটিং করেন। পরের ওভারেই তাওহিদ হৃদয় ছক্কা ও চার মারার পর মিরাজের ছক্কায় ম্যাচ জিতে যায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার ধরা দেয় সিরিজ জয়। তবে ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ছিলেন না। এম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয় তাকে। এদিকে মিরাজকে অধিনায়ক করেই তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করেছে বিসিবি। আগের দুই ওয়ানডের দলই বহাল রেখেছেন নির্বাচকরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন