মাস দু’য়েক আগে মিয়ানমারের একটি ক্লাবের সঙ্গে পাকা কথা বলেছিলেন ঋতুপর্ণা চাকমা। সেখানে খেলতে যাওয়ার জন্য দরকার ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনাপত্তিপত্র। সেটা হাতে পাওয়ার পরই মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন নারী দলের অন্যতম সেরা এই ফুটবলার। মিয়ানমার নারী ফুটবল লীগে আয়েইয়াওয়াদি এফসিতে খেলবেন তিনি।
গত বছর মিয়ানমারকে তাদের মাটিতে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপে খেলে। দু’টি গোলই করেন ঋতুপর্ণা। তার অসাধারণ পারফরম্যান্সে অনেক দেশের অনেক ক্লাব থেকে প্রস্তাব এলেও শেষ পর্যন্ত মিয়ানমারের ক্লাবের হয়ে খেলবেন। মিয়ানমার বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপে খেলতে না পারলেও ঘরোয়া লীগের মান বাংলাদেশের চেয়ে বেশ উন্নত। সাফ চ্যাম্পিয়ন শেষে নারী ফুটবলাররা দুই সপ্তাহের ছুটি পেয়েছেন। কোচ পিটার বাটলারও ইংল্যান্ড গেছেন। জুনের শেষ সপ্তাহে নারী দলের ক্যাম্প আবার শুরু হবে। সেপ্টেম্বরে এশিয়ান গেমস ঋতুপর্ণাদের পরবর্তী মিশন। ঋতুপর্ণা আগস্ট পর্যন্ত মিয়ানমারের ক্লাবের হয়ে খেলবেন। ভুটানে নারী লীগে খেলতে ইতিমধ্যে দেশ ছেড়েছেন সাবিনা ও মাসুরা। সুমাইয়ারও ভুটানে খেলার কথা। গত বছর ভুটান লীগে বাংলাদেশের ১০ জনের বেশি ফুটবলার খেলেছিলেন।
