ঢাকায় চলমান আইএইচএফ (আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন) ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিভাগের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শুক্রবার পল্টনস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দলকে ৩৯-১৭ গোলের বিশাল ব্যবধানে হারায় লাল-সবুজ প্রতিনিধিরা। মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের এই বড় জয়ে মূল ভূমিকা রাখেন সোহাগ আলী ও সুমল তঞ্চঙ্গ্যা। দু’জনেই ম্যাচে সর্বোচ্চ ৭টি করে গোল করেন। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ম্যাচ সেরার পুরস্কার ওঠে কোয়ান্টাম কসমো স্কুলের ছাত্র সুমলের হাতে। টানা দুই জয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন বাংলাদেশ মুখোমুখি হবে গ্রুপ ‘এ’ রানার্স-আপ ইয়েমেনের। অন্য সেমিফাইনালে গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ।
অনূর্ধ্ব-২০ বিভাগে বাংলাদেশ দাপুটে জয় পেলেও, এর আগে দুপুরে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ভারতকে শক্ত চ্যালেঞ্জ জানালেও শেষ পর্যন্ত ৩৫-৩৯ গোলে হেরে যায় স্বাগতিকরা। অনূর্ধ্ব-১৮ বিভাগে নিজেদের পরের ম্যাচে আজ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। একই দিনে অন্য ম্যাচে ভারতের প্রতিপক্ষ আফগানিস্তান।
