সাংবাদিকদের প্রতি প্রতিমন্ত্রীর আহ্বান

‘মিথ্যা সংবাদ পরিবেশন করে কারও সম্মানহানি করবেন না’

ফন্ট সাইজ:

বর্তমান সরকার সংবাদপত্রের অবাধ স্বাধীনতা নিশ্চিত করেছে। তবে এই স্বাধীনতা ভোগ করতে গিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করে কারও সম্মানহানি না করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। শুক্রবার সকাল ১১টায় বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে তিনি প্রেস ক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করেন। বগুড়াসহ সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে মেগা প্রকল্প বাস্তবায়ন করছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার মিডিয়ার অবাধ স্বাধীনতায় বিশ্বাসী। তবে এই স্বাধীনতার দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করা গণমাধ্যমেরও কর্তব্য। বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার উন্নয়নে সরকারের নানামুখী পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চান কোলাহলমুক্ত প্রাকৃতিক পরিবেশে শহরের বাইরে একটি আধুনিক বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে। এই বিশ্ববিদ্যালয়টিতে সাধারণ শিক্ষার পাশাপাশি কৃষি, প্রকৌশল, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদ থাকবে। এ সংক্রান্ত প্রস্তাব আগামী সপ্তাহেই মন্ত্রিপরিষদ বিভাগে উপস্থাপন করা হবে। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে গাবতলীর ভাড়ায় সড়কে সাময়িকভাবে ইট বিছানোর বিষয়ে ওঠা সমালোচনার জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রীর চলাচলের নিরাপত্তার স্বার্থে কাঁচা রাস্তায় অস্থায়ীভাবে ইট বিছানো হয়েছিল। সড়কটি আগে থেকেই পাকাকরণের জন্য অনুমোদিত থাকায় এখন সেই ইট অপসারণ করে ঠিকাদার স্থায়ী নির্মাণকাজ শুরু করেছেন। মতবিনিময় সভার শেষভাগে বগুড়া প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান ঘোষণা করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন