গাজীপুরে অবস্থিত কেন্দ্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মহাপরিচালক সহ ৪টি পরিচালক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। বারি সূত্রে জানা গেছে, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠানটিতে গত ৭ই ফেব্রুয়ারি থেকে অবসরজনিত কারণে ৭টি পরিচালক পদের মধ্যে ৪টি পদই শূন্য হয়। ওই ৪টি গুরুত্বপূর্ণ পরিচালকের দাপ্তরিক কার্যক্রম (গবেষণা উইং, পরিকল্পনা ও মূল্যায়ন উইং, পরিচালক সেবা ও সরবরাহ উইং এবং পরিচালক কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) একাই চালাতেন ডিজি বারি ড. আতাউর রহমান। গত ২৭শে মে তিনিও অবসরে চলে যান। এককথায় ডিজি বারি সহ ৫টি ঊর্ধ্বতন পদে কেউ না থাকায় সকল ধরনের দাপ্তরিক কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।
এছাড়াও বিগত দিনের আওয়ামী ঘরানার কর্মকর্তা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে কর্মরত পরিচালক ড. মো. ছাইফুল্লাহ এখন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক হওয়ার জন্য দৌড়ে এগিয়ে আছেন। এদিকে, বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের ব্যানারে ওই কর্মকর্তার সেøাগানের একটি ভিডিও চালাচালি হচ্ছে। এছাড়া শেখ মুজিবের ম্যুরালে এবং পতিত সরকারের মুখ্যসচিব আবুল কালামকে ফুল দেয়ার স্থিরচিত্র বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এসব বিষয়ে ড. ছাইফুল্লাহ গণমাধ্যমকে বলেন, ২০২৪ সালে কৃষি মন্ত্রণালয়ের একটি প্রোগ্রামে বাধ্য হয়েই তাকে যেতে হয়েছে। তিনি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল করেছি, ছাত্রদল করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলাম। ওই সময় চাকরি বাঁচানোর জন্য অনেক কিছু করতে হয়েছে। না হয় অবসরে থাকতে হতো।
বাংলাদেশ কৃষি গবেষণায় কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ভাগিনা পরিচয় দিয়ে তিনি বিগত সময়ে ক্ষমতার দাপট দেখিয়ে একের পর এক পদোন্নতি নিয়ে এখন ভোল পাল্টে ফেলেছেন ড. ছাইফুল্লাহ। কৃষি গবেষণার ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের দাবি, এই প্রতিষ্ঠানে চাকরিরত কোনো সিনিয়র কর্মকর্তাকে মহাপরিচালক পদে নিয়োগ দেয়া হোক।
